নতুন রাজনৈতিক ধারার ইঙ্গিত মাহফুজ আলমের, আগ্রহীদের যোগাযোগের আহ্বান

 

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ মাহফুজ আলম নতুন রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন। এ লক্ষ্যে আগ্রহী ও সমমনা নাগরিকদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দেন। সেখানে মাহফুজ আলম লেখেন, নতুন কিছু করার কথা জানানোর পর গত দুই সপ্তাহে কয়েকশ’ শিক্ষার্থী ও সচেতন নাগরিকের সঙ্গে তার কথা হয়েছে। একসময় যারা বিকল্প রাজনৈতিক শক্তি ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আশাবাদী ছিলেন, তাদের মধ্যে এখন হতাশা ও আস্থার সংকট স্পষ্টভাবে লক্ষ্য করেছেন তিনি।
তবে আলোচনার শেষে সবাই আবারও নতুন করে চেষ্টা করার বিষয়ে একমত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, যারা বৈষম্যহীন সমাজব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার এবং নতুন আর্থ-রাজনৈতিক কাঠামোতে বিশ্বাস করেন; একই সঙ্গে দ্বি-দলীয় বা জোটনির্ভর রাজনীতিতে অনাগ্রহী এবং আদর্শিকভাবে আপসহীন, নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করেন—তাদের তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।

তিনি আরও লেখেন, আগ্রহীদের ক্ষোভ, হতাশা ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, সীমাবদ্ধতা এবং বাস্তব সংকট নিয়েও খোলামেলা আলোচনা করতে চান তারা। গত দেড় বছরের অভিজ্ঞতা মূল্যায়নের মাধ্যমে কীভাবে নতুনভাবে যাত্রা শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়েই মূলত এই উদ্যোগ।

এ উদ্দেশ্যে যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও উল্লেখ করেন মাহফুজ আলম।
স্ট্যাটাসের শেষাংশে ইংরেজিতে তিনি লেখেন—
“We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment.”

উল্লেখ্য, মাহফুজ আলম জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করেন। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত তা জমা দেওয়া হয়নি।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *