
চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য ওমানে স্বপরিবারে ঘুরতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নারী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের প্রবাসী শফিউল আলমের পুত্র সাকিবুল হাসান সবুজ, তার মা ও মোহাম্মদ দিদারুল আলম। সম্পর্কে দিদারুল আলম সবুজের বোনের জামাই বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমানের সালালাহ এলাকায় সপরিবারে বেড়াতে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সবুজ, তার মা এবং বোনজামাই দিদারুল আলম প্রাণ হারান।
দুর্ঘটনায় সবুজের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
এদিকে একই পরিবারের তিনজনের মৃত্যুর সংবাদ ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- ফটিকছড়ি প্রতিনিধি