জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শেষ করেছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্ত শেষে গত সোমবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই তদন্তের ফলাফল প্রকাশ করেছে বিসিবি।

বিসিবির তথ্য অনুযায়ী, জাহানারা আলম চারটি নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছিলেন। এর মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা মিলেছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাহানারা আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করে বিসিবি। প্রায় দুই মাস ধরে তদন্ত কার্যক্রম চালানোর পর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। যদিও মঞ্জুরের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ গত ৩০ জুনেই শেষ হয়েছে, তবু তাঁর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বা ভবিষ্যতে তাঁকে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখা হবে কি না, সে বিষয়ে বিসিবি এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি। বর্তমানে মঞ্জুর চীনের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিসিবি জানিয়েছে, হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে তাদের ঘোষিত শূন্য-সহনশীলতা নীতির আলোকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ লক্ষ্যে বিসিবির আইনি বিভাগকে সম্পৃক্ত করা হয়েছে এবং বোর্ডের বিধিমালা ও প্রযোজ্য আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।

  • ডেস্ক রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *