
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের ভেতরে বাসের টিকিট কাউন্টার দখল ও ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন এক ব্যবসায়ী।
রোববার (২৯ মার্চ) করা ওই অভিযোগে তিনি দাবি করেন, চুক্তির মেয়াদ চলমান থাকা অবস্থায় সন্ত্রাসী হামলা চালিয়ে তার ব্যবসা জোরপূর্বক দখল করা হয়েছে।
অভিযোগে মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা। ২০২৫ সালের ২৪ মার্চ দীনেশ চন্দ্র দাশ নামে এক ব্যক্তির সঙ্গে ৬টি বাস, দামপাড়া ও ঢাকার আরামবাগ কাউন্টারসহ দুই বছরের জন্য ভাড়াচুক্তি সম্পাদন করেন। এ সময় জামানত হিসেবে ২০ লাখ টাকা প্রদান করা হয়।
তিনি অভিযোগ করেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২৬ সালের ১০ মার্চ দিবাগত রাতে দীনেশ চন্দ্র দাশের নির্দেশে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি তার কাউন্টারে হামলা চালায়। এ সময় কর্মচারীদের মারধর করে কাউন্টারের তালা-চাবি নিয়ে নেয় এবং জোরপূর্বক কাউন্টার বন্ধ করে দেয়।
পরদিন থেকেই তার চুক্তিকৃত বাস ও কাউন্টার দখল করে নিজেরা পরিচালনা শুরু করে বলে দাবি করেন হারুনুর রশিদ। এতে তিনি বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি তার ২০ লাখ টাকার জামানত ফেরতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “চুক্তি বহাল থাকা অবস্থায় এভাবে সন্ত্রাসী কায়দায় ব্যবসা দখল অত্যন্ত অন্যায়। আমি এর ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অভিযোগ পেয়েছি। বৈঠকে বসার প্রক্রিয়া চলমান। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত বলে জেনেছি। ন্যায়সঙ্গত বিবেচনায় আইনি ব্যবস্থা শিগগিরই নেওয়া হচ্ছে।’
- নিজস্ব প্রতিবেদক