আ.লীগের পদ ছাড়লেন কর্ণফুলীর ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ছাবের আহমদ দলীয় পদ থেকে অব্যাহতি নিয়ে ভবিষ্যতে রাজনীতিতে সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়ে হলফনামা দিয়েছেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চরপাথরঘাটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তবে এ পদটি তাকে জেলা নেতারা স্বপ্রণোদিতভাবে দিয়েছিলেন এবং তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।

তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ বিষয়ে একাধিকবার জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবহিত করলেও কোনো সাড়া না পাওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।

হলফনামায় হাজী ছাবের আহমদ স্পষ্টভাবে ঘোষণা দেন, ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ বা সাংগঠনিক পদে তিনি আর যুক্ত থাকবেন না।

তিনি আরও উল্লেখ করেন, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, স্বতঃস্ফূর্ত এবং কোনো ধরনের চাপ বা প্রভাব ছাড়াই নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে তার কোনো দাবি বা সাংগঠনিক অবস্থান থাকবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

গত ২৫ মার্চ ২০২৬ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে এই হলফনামা সম্পাদন করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ২-৩৮-২০২৬। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এস এম আনোয়ার চৌধুরী।

হলফনামায় স্বাক্ষীর দায়িত্ব পালন করেন চরপাথরঘাটা ইউনিয়নের আব্দুর রহমান ও আমির হোসেন আমু।

এ বিষয়ে হাজী ছাবের আহমদ বলেন, “আমি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, এমনকি মিছিল-মিটিংয়েও অংশ নিইনি। অতীতে কিছু আওয়ামী লীগ নেতার চাপেই আমাকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। তবে আমি নৌকা ছাড়াও একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি বারবার জানালেও কেউ গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি কোন দলের সাথে জড়িত না।”

  • নিজস্ব প্রতিবেদক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *