
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় প্রকাশ্যে গুলিতে রাশিফুল আনাম রাশু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশিফুল আনাম রাশু খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাশু কল্পতরু মার্কেটের ভেতরে একটি দোকানে বসে কেরাম খেলছিলেন। এ সময় হঠাৎ দুই থেকে তিনজন অজ্ঞাত যুবক হেঁটে এসে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীদের ছোড়া তিনটি গুলি রাশুর মাথা ও ঘাড়ে লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।