অক্সিজেন মোড়ে বাসযাত্রীদের ছিনতাইয়ের সময় ধরা শীর্ষ সন্ত্রাসী টেম্পুর ভাই, পরে গ্রেপ্তার মা

 

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় দূরপাল্লার বাসযাত্রীদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পুর ভাই আইয়ুব আলী খোকন (৪৫)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তার মা মাহফুজা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের একটি দল নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাংয়ের সার্বিক নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূরপাল্লার বাসযাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টাকালে আইয়ুব আলী খোকনকে আটক করা হয়।

গ্রেপ্তার আইয়ুব আলী খোকনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সোরসাই গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর সেকান্দর কলোনি এলাকায় বসবাস করেন।

ডিবি সূত্র জানায়, সিডিএমএস যাচাই করে দেখা গেছে আইয়ুব আলী খোকনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলার বিচার আদালতে চলমান।

ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তিনি নগরীর ফরিদার পাড়ার শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পুর আপন ভাই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার একটি মাদক মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তার মা মাহফুজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাহফুজা বেগমের বিরুদ্ধেও সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহেদুল কবির বলেন, টেম্পুর ভাই আইয়ুব আলী খোকনকে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন ধরনের অপরাধে জড়িত একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তার মা মাহফুজা বেগমকেও মাদক মামলার ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *