আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB)-এর উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিখন ঘাটতি নিরূপণ এবং কার্যকর শিক্ষণ কৌশল বিকাশের লক্ষ্যে “শিখন ঘাটতি অনুধাবন : কার্যকর শিখন উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত কর্মশালাটি আয়োজন করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা, হালিশহর মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল এবং চন্দনাইশ পাঠানদণ্ডি তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা।

সকাল ৮ টা ৩০ মিনিটের সময় নিবন্ধনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয় এবং সকাল ৯ টায় উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ক্বারী নূরুল ইসলাম। নাতে মোস্তফা পরিবেশন করেন মাওলানা আব্দুল করিম এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম রিজভী।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন AEMB-এর সচিব প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হালিশহর মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী এবং মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন। কর্মশালার রূপরেখা উপস্থাপন করেন যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান।

গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ, এফসিএমএ এবং চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন।

উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারীদের বর্তমান জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের জন্য প্রাক-কর্মশালা মূল্যায়ন অনুষ্ঠিত হয়।

প্লেনারি সেশনসমূহে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন “কর্মচারীদের শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ে আলোচনা করেন। চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন “কার্যকর শিক্ষণ কাঠামো” এবং প্রফেসর মুহাম্মদ গোফরান “পরীক্ষা ও খাতা মূল্যায়ন” বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দলভিত্তিক ওয়ার্কশপ কার্যক্রম। অংশগ্রহণকারী শিক্ষকগণ প্রশাসন, ভর্তি, একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন, গবেষণা, প্রশিক্ষণ সুবিধা, শৃঙ্খলা, কর্মী সন্তুষ্টি, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভিশন ও মিশনসহ বিভিন্ন বিষয়ে সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করেন। প্রতিটি দল তাদের উপস্থাপনা প্রদান করে, যা বিশেষজ্ঞ কমিটি মূল্যায়ন করে।

নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর বিকালের সেশনে “মাদ্রাসা শিক্ষা—চ্যালেঞ্জ ও সমাধান” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। পরবর্তীতে পোস্ট-ওয়ার্কশপ মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়।

কর্মশালার প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন AEMB-এর চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালার ফলাফল উপস্থাপন করা হয় এবং বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। টিম লিডারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। AEMB-এর ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ, এফসিএমএ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আনজুমান এডুকেশন ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি জনাব কমর উদ্দিন সবুর সংক্ষিপ্ত বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন কর্মশালার আউটপুট উপস্থাপন করে একটি গবেষণাধর্মী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মুফতি আল্লামা অছিয়র রহমান এর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *