
শিক্ষা অঙ্গনে এক অনন্য মাইলফলক স্থাপিত হলো। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার ধারক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (IICT)-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগকে শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জামেয়ার অধ্যক্ষের কক্ষে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে চুয়েট IICT-এর পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. মুহাম্মদ মশিউল হক এবং জামেয়ার পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান। চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম-সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান।
অনুষ্ঠানে জামেয়ার অধ্যক্ষ কাজী আবদুল আলিম রিজভী, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইসিটি প্রভাষক মুবিনুল হকসহ শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবংঅধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল আলিম রিজভী এর মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
স্বাগত বক্তব্যে প্রফেসর মুহাম্মদ গোফরান চুয়েট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই উদ্যোগ দ্বীনি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর নতুন দিগন্ত উন্মোচন করবে।”
প্রফেসর ড. মুহাম্মদ মশিউল হক তার বক্তব্যে কোর্সের আধুনিক কাঠামো, বাস্তবমুখী প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন।
জামেয়ার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান বলেন, “এই সমঝোতা শুধু একটি চুক্তি নয়—এটি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণের এক শক্তিশালী ভিত্তি।” তিনি এই কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং চুয়েট আইটি বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এই সমঝোতা স্মারকের আওতায় আনজুমান পরিচালিত মাদরাসাসমূহের শিক্ষার্থীদের জন্য সরকারি খরচে একটি বৃহৎ পরিসরের ডিজিটাল স্কিলস ট্রেনিং প্রোগ্রাম চালু করা হচ্ছে—যা দেশের মাদরাসা শিক্ষায় এক নতুন বিপ্লবের সূচনা করবে।
- নিজস্ব প্রতিবেদক