
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি এসেছে। মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ (৩৩) আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে শনিবার (৩১ জানুয়ারি) রুবেলকে আদালতে হাজির করা হয়।
সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তাকে আদালতে উপস্থাপন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করে সিআইডি।