
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক নবজাতকের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শিশুটিকে তারই মা হত্যা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নবজাতককে হত্যার পর তা গোপন করতে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দেলোয়ার হোসেনের মেয়ে। প্রায় এক বছর আগে নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের ছয় মাসের মাথায় পারিবারিক বিরোধের কারণে তাদের বিচ্ছেদ হয় এবং জান্নাতুল বাবার বাড়িতে ফিরে আসেন। পরে করিম মণ্ডল আবার বিয়ে করেন।
অভিযোগ রয়েছে, বিচ্ছেদের আগে করিম মণ্ডলের সন্তান গর্ভে ধারণ করলেও বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বাবার বাড়িতে জান্নাতুল ফেরদৌস একটি কন্যাসন্তানের জন্ম দেন। এরপর শিশুটিকে হত্যা করে বাড়ির বাথরুমে রাখা হয় বলে স্থানীয়দের দাবি।
ভোরে শিশুটিকে মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খোঁড়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার পরপরই জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এবং সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
- নিজস্ব প্রতিবেদক