শীত নিয়ে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে চলমান শীতের প্রকোপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আপাতত কমার কোনো সম্ভাবনা নেই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান। পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘন কুয়াশার প্রভাবে দেশের কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আবারও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ১, ২ ও ৩ জানুয়ারি দেশের সার্বিক আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়েও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। যদিও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবুও শীতের অনুভূতি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে ২ ও ৩ জানুয়ারি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *