
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে গুরুতর অবস্থায় চন্দ্রঘোনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার ফলে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের মোবাইল ফোনের স্ক্রিনে থাকা ছবির ভিত্তিতে পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
- নিজস্ব প্রতিবেদক