
একের পর এক নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই বলে জানিয়েছেন দেশটির কূটনৈতিক প্রতিনিধি। তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তবে এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ এই মন্তব্য করেন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন।
মোসায়েব মোতলাঘ বলেন ইরানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিক্ষোভে বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার উসকানি ছিল। নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ভারত ও ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি জানান ইরানকে অভ্যন্তরীণ সংকটে থাকা দেশ হিসেবে তুলে ধরার একটি পরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছে। তাঁর ভাষায় বৃহস্পতিবার ৮ জানুয়ারি এবং শুক্রবার পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে।
এরপর ইরানের বাইরে অবস্থানরত নির্দেশদাতাদের কাছ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্দেশনা পেতে শুরু করে এবং তারা বিভিন্ন ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। বড় ও ছোট শহরে নাশকতা চালানোর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটে।
এই সহিংসতায় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন বলে জানান তিনি। নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী রয়েছে।
তিনি আরও বলেন বিক্ষোভে বিদেশি নাগরিকদের সরাসরি অংশগ্রহণ ছিল না বা খুবই সীমিত ছিল। তবে ইরান সরকারের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে বলা হয়েছে অনেক বিক্ষোভকারী বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রশিক্ষিত অথবা বাইরের প্রচারণার প্রভাবে প্রভাবিত হয়েছে।
এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিশেষ করে বিমানবাহী রণতরী বহর পাঠানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ইরান যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।
তার ভাষ্য অনুযায়ী ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবিলা করতে সক্ষম। তিনি গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত এবং সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন।
মোসায়েব মোতলাঘ বলেন পুলিশ ও সাধারণ জনগণের সহায়তায় মাত্র দুই দিনের মধ্যেই অস্থিরতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। একইভাবে যদি কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেয় তবে দেশটি আত্মরক্ষায় পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত থাকবে।
খামেনি জনসমক্ষে আসছেন না বা বাঙ্কারে আত্মগোপনে রয়েছেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন সর্বোচ্চ নেতা নিয়মিত ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করছেন।
তিনি বলেন ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না। আয়াতুল্লাহ খামেনির নিরাপত্তার জন্য নিরাপত্তাকর্মী থাকা স্বাভাবিক বিষয়। তবে এটাকে বাঙ্কারে লুকিয়ে থাকার সঙ্গে মিলিয়ে দেখা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।
সুত্র: এনডিটিভি