
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নের এক প্রবাসী তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি হলেন বক্তপুর ইউনিয়নের আজিম মুন্সী বাড়ির মরহুম মুছার পুত্র, আরব আমিরাত প্রবাসী নাঈম উদ্দিন (২৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি শনিবার দিবাগত রাতে আরব আমিরাতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাঈম উদ্দিন। পরে তার রুমমেটরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম উদ্দিন আগামী ঈদুল ফিতরের পর দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার পরিকল্পনা করেছিলেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। উল্লেখ্য, নাঈমের পিতা মরহুম মুছা করোনাকালীন সময়ে প্রবাসেই মৃত্যুবরণ করেন।
নাঈম উদ্দিনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধু মহলে গভীর শোক বিরাজ করছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মরহুমের বড় ভাই নুরুল আমিন বাবু জানান, আরব আমিরাতের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাঈম উদ্দিনের মরদেহ দেশে আনা হবে। মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার নামাজের সময় ও স্থান জানানো হবে।
- ফটিকছড়ি প্রতিনিধি