পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, তবুও রক্ষা নেই— কর্ণফুলীতে যুবলীগ সভাপতি ফের গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার যুবলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

গ্রেপ্তার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মিল্ক ইউনিয়ন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

স্থানীয়রা জানান, পুলিশ উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন হায়দার পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ তাকে আটক করে ভেঁজা অবস্থায় থানায় নিয়ে যায়।

মামলার নথি অনুযায়ী, দায়রা আদালতের ৩৪২৩/২২ নম্বর মামলার (কর্ণফুলী থানা সিআর ৬৫/২১) রায় ২০২৫ সালের ৯ অক্টোবর ঘোষণা করা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা এ মামলায় তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।

ওসি মো. শাহীনূর আলম বলেন, “ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *