
চট্টগ্রাম-৯ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়তে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
চেয়ার প্রতীকের এই প্রার্থী জানান, প্রচারণা শুরু করার কিছুক্ষণ পরই অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা তার গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। সে সময় তিনি গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎ এই হামলায় তিনি ও তার সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হামলার ঘটনার খবর তারা পেয়েছেন এবং পরিস্থিতি যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
- অনলাইন ডেস্ক