চট্টগ্রামে ভোট উৎসব: জেলা প্রশাসক অভিভূত নারী ভোটারদের অংশগ্রহণে

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ বলে অভিহিত করেছেন।

 

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

জেলা প্রশাসক জানান, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও কর্ণফুলীসহ জেলার একাধিক কেন্দ্র পরিদর্শন করা হয়েছে, যেখানে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।

 

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যাঁদের কেন্দ্র করে আমাদের সব আয়োজন, সেই সম্মানিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

 

তিনি আরও বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

 

জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি, বাংলাদেশের পক্ষেও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্ভব। এখনও কয়েক ঘণ্টা বাকি, আমরা চাই ভোটগ্রহণ শেষ পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হোক।”

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন, ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

এসময় চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক যোগ করেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”

  • চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *