নির্ধারিত ছিল আজই বিয়ের কাবিন। দুই পরিবারের ঘরে ঘরে চলছিল আনন্দের প্রস্তুতি। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় সেই আনন্দ মুহূর্তেই শোকে রূপ নেয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কের ফাজিলখাঁর হাট এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন বর মো. আলী আব্বাস রিমন (২৮)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলেই তাঁর কাবিন হওয়ার কথা ছিল। নিহত রিমন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজার গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ মুছার ছেলে। সপ্তাহখানেক আগেই কনে দেখা ও বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রিমন তাঁর হবু শ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বেড়াতে যান। শুক্রবার সকালে মোটরসাইকেলে করে আনোয়ারার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল সাড়ে ৭টার দিকে ফাজিলখাঁর হাট বাজার এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই মো. ফরহাদ বিন তাহের বলেন, “আজ বিকেলে রিমনের কাবিন হওয়ার কথা ছিল। দুই বাড়িতে উৎসবের আমেজ ছিল। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, সে আর আমাদের মাঝে নেই। কনের পরিবারকেও মৃত্যুর খবর জানানো হয়েছে।” কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *