কালীগঞ্জে মর্মান্তিক রেল দুর্ঘটনা: নানি–নাতনিসহ তিন নারীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার ১৩ বছর বয়সী কন্যা অনাদি আক্তার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানি। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।

রেলওয়ে ও থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল আনুমানিক ৫টার দিকে আড়িখোলা স্টেশন অতিক্রম করার সময় তিন নারী একসঙ্গে হাঁটছিলেন। অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, যেহেতু এটি রেলওয়ে সংশ্লিষ্ট দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান জানান, অনাদি আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *