কনকনে শীতে ৫শ’ টাকার বাজি ধরে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিকে কেন্দ্র করে প্রাণ হারালেন এক কৃষক, ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার সংলগ্ন খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্লা (৪৫) বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। কনকনে শীতের মধ্যে ভারী বোঝা বহনের ফলে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজিতে তিনি খালে নেমে একটানা ১০০ ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় তিনি খালের পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ না করতে নিষেধ করেন এবং খালি গায়ে খালে নেমে একশ’ ডুব দেন।
ডুব দেওয়া শেষ করে খালের পাড়ে উঠে রাস্তায় আসার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। স্বজনরা দ্রুত তাকে কম্বল দিয়ে জড়িয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে মালিশ করলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *