
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ফারহান ইসরাক নিঝুম জানান, ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। তিনি জানান, তার বাবা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।
আবু সাঈদ সরকার মুগদার মানিকনগর এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
- অনলাইন ডেস্ক