
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
দীর্ঘ ওই পোস্টে পদত্যাগের পেছনের কারণ ব্যাখ্যা করে তাসনুভা জাবিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিচ্ছেন না। তিনি লেখেন, “অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি, আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না।”
তিনি আরও বলেন, অনেকে হয়তো ভাবছেন জামায়াতের সঙ্গে জোট বা নারী ইস্যু নিয়ে তার আপত্তি রয়েছে। তবে তার ভাষ্য অনুযায়ী, প্রকৃত কারণ আরও গভীর ও উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, পুরো বিষয়টি একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে সাজানো হয়েছে, যাকে রাজনৈতিক কৌশল বা নির্বাচনী জোটের নামে উপস্থাপন করা হচ্ছে।
এর আগে শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
উল্লেখ্য, তাসনুভা জাবিন আগেই গুলশান-বনানী অন্তর্ভুক্ত ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং এলাকায় জনসংযোগও চালিয়েছিলেন।
নির্বাচনী কার্যক্রমের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি জানান, যারা তাকে ডোনেশন দিয়েছেন, প্রত্যেককে সেই অর্থ ফেরত দেওয়া হবে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আপনাদের পাঠানো প্রতিটি পয়সা ধীরে ধীরে ফেরত দেব। এজন্য আমাকে একটু সময় দিন। কীভাবে ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত আপডেট দেব।”
- অনলাইন ডেস্ক