হাটহাজারীতে দোয়া মাহফিলের মাধ্যমে ব্যারিস্টার মীর হেলাল এর নির্বাচনী প্রচারণার সূচনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় হাটহাজারীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হাটহাজারী উপজেলার জামিয়া অদুদিয়া মাদরাসা মাঠে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিল পরিণত হয় এক বিশাল জনসমাবেশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজনের মধ্য দিয়েই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারী এলাকায় ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *