
দেশের ওপর দিয়ে প্রবাহিত শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও শক্তিশালী হতে পারে। এর ফলে টানা দুই দিন দেশের তিনটি বিভাগে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের প্রভাব আরও বাড়তে পারে। বিশেষ করে ভোর ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, আগামী শনিবার ও রোববার শৈত্যপ্রবাহ আরও তীব্র রূপ নিতে পারে। সে সময় এসব বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা আরও কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
- অনলাইন ডেস্ক