- নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র—এই তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাদিক কায়েম। বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশেই উপস্থিত ছিলেন, যাকে কিছুটা বিব্রত বলেও মনে হয়েছে।
সাদিক কায়েম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ব্যর্থ হলে এবং দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সংশ্লিষ্ট তিন উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।
- তিনি তার ঘোষিত তিন দফা দাবি তুলে ধরে বলেন, প্রথমত—ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে—এমন ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কটের আহ্বান জানান তিনি।
- দ্বিতীয় দাবিতে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
- তৃতীয় ও শেষ দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।
- সানজার অনলাইন নিউজ