হাদী হত্যা মামলার প্রধান আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এজাহারভুক্ত পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। এ কারণে স্থল, নৌ ও বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে পালানোর আগেই তাকে আটক নিশ্চিত করতে বিদেশ গমন রোধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদীর মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
এদিকে, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, হাদীর ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি প্রচার কৌশলও হতে পারে। এখনো তার সর্বশেষ অবস্থান শতভাগ নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।

  • সানজার অনলাইন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *