বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবির পরিচালক নাজমুলকে শোকজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড। সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ায় তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে হবে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে আলোচনায় আসেন নাজমুল ইসলাম। পরে ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী বেতন নির্ধারণ করা উচিত, এমন বক্তব্য দিয়ে তিনি আবারও বিতর্ক উসকে দেন।

তার এসব মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে। দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণাও দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। এই পরিস্থিতির প্রেক্ষিতেই এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *