নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে নারী গণধর্ষণের শিকার, গ্রেফতার ১

সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীর চৌরাস্তা এলাকায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চার সন্তানের জননী ওই নারী বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে মাধবদী বাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার সময় চৌরাস্তা এলাকায় হৃদয় নামের এক ব্যক্তি তার পথরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই আরও তিনজন উপস্থিত ছিল। সেখানে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ওই নারী পরিবারকে ঘটনাটি জানান। শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।

ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *