চূড়ান্ত মনোনয়ন না পেলেও ভোটের মাঠ ছাড়বেন না: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

চট্টগ্রামের রাউজানে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দলীয় চূড়ান্ত মনোনয়ন না পেলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাউজানের মুন্সীর ঘাটা দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

তিনি বলেন, “অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না। গত ১৭ বছর ধরে আপনারা নানা নির্যাতনের শিকার হয়েছেন, তবুও মাথা নত করেননি। আমিও নির্যাতিত হয়েছি, কিন্তু আপস করিনি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আজ নিয়মতান্ত্রিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। দল আমাকে অপেক্ষা করতে বলেছে। কিন্তু আমি বসে থাকবো না। প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের মাঠে থাকবো।”

উল্লেখ্য, সোমবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন উপজেলা নির্বাচন অফিসে গিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এরপর মুন্সীর ঘাটা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *