
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজের ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণির ওই ছাত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এই পৈশাচিক ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে অভিযুক্তের বসতবাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের অভিযুক্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে শারীরিক নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন।
এরপর বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ উঠেছে, ঘটনা ধামাচাপা দিতে গত সাত দিন আগে কিশোরীকে গর্ভপাতের উদ্দেশ্যে পাশের উপজেলায় নানাবাড়ি নিয়ে যাওয়া হয়। তবে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আইনি ব্যবস্থার জন্য পরিবারকে চাপ দিলেও তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা চালায়। এতে জনরোষ তৈরি হলে এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তালাবদ্ধ করে দেয়।
পুলিশের বক্তব্য:
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এমনকি কিশোরীর নানার বাড়িতেও পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের সন্ধান মেলেনি।
ওসি আরও জানান, অভিযুক্ত পিতাকে গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ঘটনার শিকার কিশোরী ও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
- অনলাইন ডেস্ক