
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোকবার্তা জানানো হয়। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান ছিল অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে এই কঠিন শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন এবং বিএনপির নেতাকর্মীদেরও ধৈর্য ধারণে সহায়তা করেন।
- অনলাইন ডেস্ক