
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তে উঠে এসেছে, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ফয়সাল করিম এই হত্যাকাণ্ডে গুলি চালায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সমালোচনা করায় পরিকল্পিতভাবে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এখনো পলাতক রয়েছেন ৬ জন। তাদের মধ্যে রয়েছেন মূল শুটার ফয়সাল, আলমগীর, তাজুল ইসলাম বাপ্পি, ফিলিপ ও জেসমিন।
- অনলাইন ডেস্ক