
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সুপারিনটেনডেন্ট (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নৌ-পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরগতিতে চলছিল। ঠিক সেই সময় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের এক পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই লঞ্চের অন্তত আটজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
- অনলাইন ডেস্ক