
মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। ঘটনার পর পুলিশ দুই জামায়াত কর্মীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটককৃত জামায়াত কর্মীরা হলেন শহিদুল ও আশরাফ হোসেন।
পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর গ্রামের একটি ভোটকেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।
- অনলাইন ডেস্ক