
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
গত বুধবার (২৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতির স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, গত ২২ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয় মাঠে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের আড়ালে ওই প্রচারণা পরিচালিত হয়। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রঙিন পোস্টার লাগানোর অভিযোগও আনা হয়েছে হুমাম কাদের চৌধুরীর বিরুদ্ধে। এসব অভিযোগের পক্ষে প্রয়োজনীয় স্থিরচিত্র ও অন্যান্য প্রমাণ অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে সংরক্ষিত রয়েছে বলে নোটিশে জানানো হয়।
কমিটির মতে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহার করে এ ধরনের প্রচারণা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর ১৫(খ) ধারা পরিপন্থি।
এই প্রেক্ষাপটে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি রাঙ্গুনিয়ায় অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
- নিজস্ব প্রতিবেদক