সৌদি আরব থেকে ফেরার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৬) কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তারের বিষয়টি সোমবার বিকেলে প্রকাশ্যে আসে।

পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খানখানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি হাফেজ নুর মোহাম্মদের ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন খাঁন এবং তদন্ত কর্মকর্তা ওসি আরিফ রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় আনা হয়েছে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন জানান, চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তার দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবুর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ছিলেন এবং সম্প্রতি রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পান। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, রাউজান থানার কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি সিএমপির আওতাধীন একটি মামলার সঙ্গে সংশ্লিষ্ট।

  • রাউজান প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *