থানায় গিয়ে ওসিকে শাসানোর ঘটনায় বৈছাআ নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। তিনি একই সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে ওসির সঙ্গে তর্কে জড়ান মাহদী হাসান। এ সময় তিনি হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারে প্রশাসন তাদের নিয়ন্ত্রণেই রয়েছে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
ভিডিওর একপর্যায়ে তাকে থামানোর চেষ্টা করা হলেও তিনি দাবি করেন, হবিগঞ্জে আন্দোলনে ১৭ জন শহীদ হয়েছেন এবং জেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে। পাশাপাশি বানিয়াগঞ্জ থানা পোড়ানো ও এক এসআইকে জ্বালিয়ে দেওয়ার মতো বক্তব্যও দিতে শোনা যায়।

  • অনলাইন ডেস্ক

সানজার অনলাইন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *