সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। তিনি জানান, এ ক্ষতিতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম ও জনগণের আবেগের প্রতি সম্মান জানিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোষহীন নেতৃত্বে জাতি বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির অনুপ্রেরণা পেয়েছে।

রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় দিকনির্দেশনা দিয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল বলেও উল্লেখ করেন তিনি।

প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি স্মরণ করেন, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে রাজনীতিতে এসে তাঁর নেতৃত্বে স্বৈরাচার এরশাদের দীর্ঘ দুঃশাসনের পতন ঘটে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিভিন্ন সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা নারী শিক্ষার অগ্রগতিতে একটি মাইলফলক।

শোকবার্তায় উল্লেখ করা হয়, রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল ছিলেন এবং কখনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে একাধিক আসন থেকে জয়লাভ করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করেন।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসও করতে হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ করেন।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *