- নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে ওসমান হাদিকে গুলি করেছে। এই ঘটনা তদন্ত করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। এ দাবিতে শনিবার সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ করবে।
এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিজয়নগরে গুলিবিদ্ধ ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী পরিবেশে সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। দোষীরা যেই হোক, আইনের আওতায় আনা হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত, আলামত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে সম্ভাব্য পরিকল্পনা উন্মোচনের নির্দেশ দেন।
তিনি সব রাজনৈতিক পক্ষ ও নাগরিকদের শান্তি বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।
- সানজার অনলাইন নিউজ